প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫ ০৩:১৫ (বৃহস্পতিবার)
শহরতলীর ছড়া থেকে চলছে অবৈধ বালু উত্তোলন

ছবি- সংগ্রহ

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহালদিক গ্রামে ছড়ার পাশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় ছড়া-খাল, রাস্তাঘাট ও পরিবেশ।

এয়ারপোর্ট থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, মহালদিক গ্রামের একটি চক্র দীর্ঘদিন ধরে ছড়ার পাশের জমি থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে তা শহরে বিক্রি করছেন। গত ১ জুলাই ভোররাতে ছড়া থেকে উত্তোলিত বে-আইনী বালু লোড করা পিকআপ রাস্তায় উঠলে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে। এতে ঘটনাটি স্থানীয়দের নজরে আসে এবং ব্যাপক আলোচনা শুরু হয়।

বলু উত্তোলন করা ছড়া পার্শ্ববর্তী জায়গার মালিক বাবলু চৌধুরী সিলেট এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এয়ারপোর্ট থানার এএসআই ফেরদৌস আহমদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ‘সরেজমিন তদন্ত করে সত্যতা পেয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’