ছবি- সংগ্রহ
কোনো অপরাধ বা অপকর্মকে শুরুতেই রাজনীতিকরণ না করে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাজধানীতে যুবদল নেতাকে নৃশংস কায়দার হত্যার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রতিক ঘটনাবলীর সাথে বিএনপির রাজনীতিকে জড়িয়ে অপপ্রচার করছে। তবে কোনো অন্যায়কারির পক্ষে বিএনপি দাড়ায়নি এবং দাড়াবে না। মব সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
রোববার (১৩ জুলাই) দুপুরে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন তো সম্পৃক্ত না। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রতিক ঘটনাবলীর সাথে বিএনপিকে জড়িয়ে ফেলছে। যেকোনো ঘটনার সাথে জড়িতদের রাজনীতিকীকরণ করা হচ্ছে। নিরপেক্ষ তদন্ত হলেই বেরিয়ে আসবে প্রকৃত দোষী কারা।
ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্যে এরকম কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের ভেতরে আওয়ামী দোসরদের জন্য তাদের ডানেবামে অন্যায়কারীদের গ্রেফতার করা হচ্ছে না ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ডা এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এম এ মালিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতারা।