প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫ ১৫:০৩ (বৃহস্পতিবার)
কমিটি গঠনের একদিনের মাথায় ৪ জনের পদত্যাগ

ছবি: সংগৃহিত।

সিলেটের তিন উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি গঠনের একদিন পরই চারজন সদস্য পদত্যাগ করেছেন। রোববার (১৩ জুলাই) রাতে ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন, বিশ্বনাথ উপজেলা এনসিপির ১৭ সদস্যবিশিষ্ট কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য মো. শাহেদ আহম্মেদ , গোয়াইনঘাট উপজেলা এনসিপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য ফাহিম আহমদ এবং বিয়ানীবাজার উপজেলার  সদস্য মো. রুহুল আমিন।
 শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে এই দুই উপজেলার কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিশ্বনাথ কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয় ডা. সুলেমান খানকে। যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন রুহুল আমিন এবং সদস্য হিসেবে ছিলেন মো. শাহেদ আহম্মেদ। রোববার রাত সাড়ে ১১টার দিকে রুহুল আমিন তার ফেসবুক আইডিতে লেখেন,‘অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে, উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে, আমার ঐ কমিটির সাথে কোন সম্পৃক্ততা নেই। আমি ঐ যুগ্ম-সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম। বিনীত-রুহুল আমিন।’
একইভাবে কমিটির সদস্য শাহেদ আহম্মেদ লেখেন ,‘কমিটিতে আমাকে যে পদে রাখা হয়েছে, তা আমার অজান্তে। আমি ঐ পদ থেকে পদত্যাগ করলাম। বিনীত- শাহেদ আহম্মেদ।’
অন্যদিকে, গোয়াইনঘাট  উপজেলা কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) ফেসবুকে লেখেন, ‘জাতীয় নাগরিক পার্টি- এনসিপির গোয়াইনঘাট উপজেলা কমিটিতে আমাকে রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে ব্যক্তিগত কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। এখন থেকে এই কমিটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
বিয়ানীবাজার উপজেলা কমিটির সদস্য মো. রুহুল আমিন বলেন, ‘কমিটিতে কে বা কারা আমার নাম যুক্ত করেছেন আমি এ বিষয়ে মোটেও অবগত নয়, আমার পরিচিত অনেকে আমাকে বিষয়টি অবগত করেন আমি রুহুল আমিন এনসিপির কমিটি থেকে পদত্যাগ করলাম, এনসিপির সাথে আমার কোন সম্পর্ক নাই।
এ বিষয়ে  এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন,‘আমার জানা মতে গোয়াইনঘাটের একজন পদত্যাগ করেছেন। বাকি দুজনের বিষয়ে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি।কমিটিতে যাদের রাখা হয়েছে, তাদের সঙ্গে আলোচনা করেই তা চূড়ান্ত করা হয়েছে। কেউ কেউ পছন্দের পদ না পাওয়ায় হতাশা থেকে এমন পদক্ষেপ নিতে পারেন।’