প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ ১৪:৫১ (মঙ্গলবার)
গোয়াইনঘাট মালনীছড়ায় উদ্ধারকৃত সরকারি জমিতে ‘বৃক্ষরোপণ’

ছবি: সংগৃহিত।

গোয়াইনঘাট উপজেলার মালনীছড়া ২য় খণ্ড মৌজার উদ্ধারকৃত সরকারি খাস জমিতে ‘বৃক্ষরোপণ’ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এসময় তিনি বলেন, মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এই পৃথিবী। মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা কতটা গভীর। তিনি বলেন, ‘দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর’ কবির এই আহ্বান আজ যেন বাস্তবতার কঠিন চিত্র। অরণ্য নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষের কুঠারের আঘাতে, যা আত্মঘাতী কর্ম ছাড়া আর কিছু নয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার আন্দোলনকে সফল করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির, সহকারী কমিশনার (ভূমি), সিলেট সদর সরকার মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ।