প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫ ১৫:০৪ (মঙ্গলবার)
উত্তরায় স্কুলে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, বহু হতাহত

ছবি: সংগৃহিত।

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৬৭ জন আহত হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার ১২ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানটির কিছু অংশে আগুন ধরে যায় এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় রাস্তায় বেশ কিছু পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা চলাচল করছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন দগ্ধ হন এবং তাৎক্ষণিকভাবে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। আহতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে, তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর উত্তরার ঐ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং জনমনে চরম উদ্বেগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং লোকজন চিৎকার করে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করে।