ছবি: সংগৃহিত।
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপি’র টহল দল মঙ্গলবার (২২ জুলাই) রাত এবং বুধবার (২৩ জুলাই) ভোরে এসব মালামাল জব্দ করে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথর কোয়ারি, বাংলাবাজার এবং পান্থুমাই বিওপি’র টহল টিম এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়। এসবের মধ্যে রয়েছে-ঔষধ, ক্রিম, ফেসওয়াশ, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিক্স, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ার ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়।
অভিযানকালে দেশের বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকাও জব্দ করে বিজিবি।