প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ ১৬:০৩ (মঙ্গলবার)
জৈন্তাপুরে ভারতীয় এলাচসহ পিকআপ আটক, যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহিত।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ১৫০ কেজি ভারতীয় এলাচসহ একটি পিকআপ ও এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মাহমুদুল হাসান কিবরিয়া (১৯)। তিনি গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুলাই) রাতে জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকায় টহল দিচ্ছিল জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারতীয় পণ্যবাহী একটি গাড়ি ওই এলাকায় প্রবেশ করবে। এরপর শুক্রবারী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।

অভিযান চলাকালে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে পুণিশ একটি নীল রঙের পিকআপভ্যান  থামানোর সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে দেখা যায়, বিভিন্ন রঙের পুরোনো ৩২টি ক্যারেটের নিচে কৌশলে লুকানো ছিল তিনটি চটের বস্তা। বস্তাগুলো খুলে ১৫০ কেজি ভারতীয় এলাচ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত এলাচের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, পালিয়ে যাওয়া দুই চোরাকারবারির পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একজনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।