ছবি: সংগৃহিত।
ইসরায়েলভিত্তিক শীর্ষ দুটি মানবাধিকার সংস্থা বতসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস গাজায় চলমান হামলাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানিয়েছে, শুধুমাত্র ফিলিস্তিনি পরিচয়ের কারণেই গাজায় দুই বছর ধরে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে সমাজে মারাত্মক ও অপূরণীয় ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধ নিহত, লাখো মানুষ বাস্তুচ্যুত ও অনাহারে পড়েছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত হচ্ছে।
বতসেলেম পরিচালক ইউলি নোভাক বলেন, ‘আমরা যা দেখছি তা গণহত্যা, ইচ্ছাকৃতভাবে একটি গোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা।’
ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসের পরিচালক গায় শালেভ বলেন, ‘শুধু স্বাস্থ্যখাত ধ্বংসই যথেষ্ট প্রমাণ যে এটি গণহত্যা।’
দুটি সংস্থাই ইসরায়েলের পশ্চিমা মিত্রদের নৈতিক ও আইনি দায়ের কথা উল্লেখ করে বলেছে, তাদের সহায়তা ছাড়া এই গণহত্যা সম্ভব হতো না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হয়। এরপর গাজায় ইসরায়েলি হামলায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সংস্থা একে গণহত্যা বলে বর্ণনা করেছে। এবার ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী দুটি মানবাধিকার সংস্থা এ প্রতিবেদন দেওয়ার পর দেশটির ওপর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে গাজায় ইসরায়েলের অপরাধের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধ ফিলিস্তিনিকে হত্যা; গণহারে বাস্তুচ্যুত করা এবং মানুষকে অনাহারে রাখা। এ ছাড়া ইসরায়েলের হামলায় ঘরবাড়িসহ বেসামরিক স্থাপনা ধ্বংসের ফলে ফিলিস্তিনিরা স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
বতসেলেমের পরিচালক ইউলি নোভাক বলেন, ‘আমরা যা দেখতে পাচ্ছি তা স্পষ্ট, একটি গোষ্ঠীকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে।’ জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, সবাইকে নিজেদের জিজ্ঞাসা করতে হবে, গণহত্যার মুখে আপনি কী করবেন?’
ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস তাদের প্রতিবেদনে গাজার স্বাস্থ্যব্যবস্থার ওপর ইসরায়েলের হামলা ধারাবাহিকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছে। অনেক হামলার তথ্য বিস্তারিত আকারে সংগ্রহ করে নথিবদ্ধ করেছে সংস্থাটির নিজস্ব দল। ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর আগে গাজায় নিয়মিত কার্যক্রম চালাত সংস্থাটি।
ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসের পরিচালক গায় শালেভ বলেন, গণহত্যাবিষয়ক কনভেনশনের ২(সি) অনুচ্ছেদ অনুযায়ী শুধু স্বাস্থ্যব্যবস্থার ওপর চালানো ধ্বংসযজ্ঞই এই ‘যুদ্ধকে’ গণহত্যায় পরিণত করেছে। কোনো কিছুকে গণহত্যা বলার জন্য সনদের পাঁচটি অনুচ্ছেদের, সবকটি পূরণ করার প্রয়োজন নেই।