ছবি: সংগৃহিত।
বর্ষায় সাপের কামড়ে মানুষের মৃত্যু নতুন কিছু নয়। কিন্তু সাপের মৃত্যু, তাও এক বছরের শিশুর কামড়ে? অবিশ্বাস্য হলেও সত্যি। ভারতের বিহারের প্রত্যন্ত গ্রাম মোহছি বনকাটোয়া এখন রীতিমতো চাঞ্চল্যের কেন্দ্রে। কারণ, এই গ্রামে ঘটেছে এমনই এক ঘটনা, যা শুনলে গা শিউরে ওঠে, আবার বিস্ময়েও হতবাক হতে হয়।
শিশুটির নাম গোবিন্দ। বয়স মাত্র এক বছর। হাঁটতে শিখেছে, কথাও বলতে শেখেনি ভালোভাবে। বাড়ির পেছনে খেলা করছিল সে, যখন হঠাৎ একটি কোবরা সাপ (স্থানীয়ভাবে ‘গেহুঁওন সাপ’ নামে পরিচিত) বেরিয়ে আসে জঙ্গলের ভেতর থেকে। অন্য কেউ হলে হয়তো চিৎকার করে পালাতো, কিন্তু ছোট্ট গোবিন্দ? সে যেন ভয়কে পাত্তাই দিল না।
পরিবারের সদস্য মতিসারি দেবী জানান, ‘চোখের পলকেই সে সাপটিকে ধরে এমনভাবে কামড়ায়, আমরা ভাবতেই পারিনি। যখন সবাই ছুটে গিয়ে দেখি, তখন সাপটা নিস্তেজ। পরে বুঝি ওটা ছিল একটি বিষধর কোবরা।’
কামড়ের পর কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়ে গোবিন্দ। দ্রুত তাঁকে প্রথমে মঞ্ঝোলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে বেতিয়া হাসপাতালে নেওয়া হয়। অবাক করা বিষয়-বাঁচে না ভেবে যার প্রাণপণ চেষ্টা শুরু হয়েছিল, সে এখন পুরোপুরি সুস্থ।
স্থানীয় সাংবাদিক নেয়াজ বলেন, ‘এখানে শ্রাবণ মাসে সাপ বের হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু কোবরাকে এক বছরের শিশু কামড়ে মেরে ফেলেছে, এ ঘটনা এই অঞ্চলে আগে কখনও শোনা যায়নি ‘
এখন গোবিন্দ শুধু তার পরিবারের নয়, পুরো গ্রামের 'ছোট্ট বীর'। তবে প্রশ্ন থেকেই যায়, এ কি শুধুই এক দুর্ঘটনা? নাকি প্রকৃতির কোনো রহস্যময় প্রতিশোধ?
শেষ পর্যন্ত, এক বছরের এই শিশু যেন প্রমাণ করে দিল, ভয় নয়, সাহসই আসল অস্ত্র।