প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ ১০:২১ (মঙ্গলবার)
সিলেটসহ চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাগরে ৩ নম্বর সতর্কসংকেত

ছবি: সংগৃহিত।

সিলেটসহ দেশের চার বিভাগে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। এরই মধ্যে সাগরে সৃষ্টি হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ সিলেট, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, চট্টগ্রাম ও বরিশালের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যার পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

আগামী শনিবার বা রোববার থেকে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগে ভারী বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন নাজমুল হক।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সাগর উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

রাজধানী ঢাকায়ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর এই প্রবল সক্রিয়তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।