প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ ১৫:৩০ (মঙ্গলবার)
চাঁদাবাজ  রিয়াদের আরেক বাসা থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসা থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে এই অর্থ উদ্ধার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘আবদুর রাজ্জাক ওরফে রিয়াদের বাড্ডার একটি ভাড়া বাসা শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে শাম্মী আহমেদের বাসা থেকে আদায়কৃত চাঁদার মধ্যে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।’

এর আগে রিয়াদের আরেকটি ভাড়া বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, সেদিন শাম্মী আহমেদ বাসায় না থাকলেও তাঁর স্বামীর কাছে ভয়ভীতি দেখিয়ে তারা ১০ লাখ টাকা আদায় করেন।

এ ঘটনায় গত শনিবার রাতে গুলশান এলাকা থেকে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন-মো. সিয়াম, মো. সাদাফ, মো. ইব্রাহীম ও মো. আমিনুল।