প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫ ১৪:২৭ (মঙ্গলবার)
জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপি প্রতিনিধি দল

ছবি: সংগৃহিত।

চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

রবিবার (৩ আগষ্ট), বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি হাসপাতালে উপস্থিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

হাসপাতালে তাঁরা ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের আশু সুস্থতা কামনা করা হয় এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।