প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫ ১৪:৫৬ (মঙ্গলবার)
চট্টগ্রামের গেস্টহাউস থেকে সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহিত।

সাবেক সেনাপ্রধান, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, এম হারুন-অর-রশীদ গেস্টহাউসের একটি কক্ষে একা অবস্থান করছিলেন। দীর্ঘ সময় কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে। দুপুর ১২টার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখন তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামের একটি চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, চিকিৎসকদের প্রাথমিক ধারণা-রাতে ঘুমের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এটিকে আপাতত স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে।

এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন। তাঁর মৃত্যুতে দেশ হারাল এক প্রাজ্ঞ সেনানায়ক ও বীর সন্তানকে।