প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ ১০:৫৪ (মঙ্গলবার)
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আরও তিনজন গ্রেপ্তার

ফাইল ছবি

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার গভীর রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পাবনার চাটমোহন উপজেলার পাঁচবারিয়া গ্রামের ফয়সাল হাসান (২৩), কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর গ্রামের শাহ জামাল (৩২) ও সুমন (২৬)।

এর আগে পুলিশ এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছিল। তাঁরা হলেন-মিজানুর রহমান ওরফে কেটু মিজান, তাঁর স্ত্রী গোলাপি, আল আমিন এবং মো. স্বাধীন। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে তিনজনকে সিসিটিভি ফুটেজে শনাক্ত করা গেছে এবং তাঁরা একটি ছিনতাইকারী চক্রের সদস্য।

আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ-ছয়জন সশস্ত্র দুর্বৃত্ত চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপর মহানগর গোয়েন্দা পুলিশ, র‍্যাব ও পিবিআই যৌথভাবে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিষয়ে তদন্ত চলছে।

শুক্রবার সকালে নিহত সাংবাদিকের বড় ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গাজীপুর মেট্রোপলিটন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।