প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ ১১:২৯ (মঙ্গলবার)
মালয়েশিয়ায় স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালান, ৪ বাংলাদেশি গ্রে প্তা র

ছবি: সংগৃহিত।

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ থেকে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির বিমান নিরাপত্তা (AVSEC) ও বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)। প্রাথমিক গোয়েন্দা তথ্য ও প্রোফাইলিংয়ের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) এ অভিযান চালানো হয়।

একেপিএসের দেওয়া তথ্যে জানা গেছে, অভিযানে ১,৮৭,৭৪২ রিঙ্গিত মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার রিঙ্গিত মূল্যের তিনটি সোনার গয়না, ২২ হাজার ৭০০ রিঙ্গিত মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন, ৫,০৪২ রিঙ্গিত নগদ অর্থ এবং বাংলাদেশি নাগরিকদের পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট।

গ্রেপ্তারদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ইস্যুকৃত পাসের শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, যা ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) ধারায় অপরাধ হিসেবে গণ্য। অপর একজনকে একই আইনের ৬(১)(গ) ধারায় অপরাধের অভিযোগে সন্দেহ করা হচ্ছে।

জব্দ ও গ্রেপ্তারের পর একটি পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়। পরে গ্রেপ্তার চারজনকে আরও তদন্তের জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (JIM) এনফোর্সমেন্ট শাখায় হস্তান্তর করা হয়েছে।

একেপিএস জানিয়েছে, এই অভিযান দেশের প্রবেশপথে চোরাচালান রোধে নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয় ও কার্যকারিতা প্রমাণ করে। একই সঙ্গে এটি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ অবাঞ্ছিত উপাদানের প্রবেশ ঠেকানোর উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।