ছবি: সংগৃহিত।
নীলফামারীর সৈয়দপুর শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বাড়ছে। অবাধে ঘুরে বেড়ানো এসব কুকুরের আক্রমণে গতকাল শনিবার রাতে অন্তত ১১ জন পথচারী আহত হয়েছেন। ঘটনা ঘটে শহরের পাঁচমাথা মোড়, গোয়ালপাড়া ও কাজীপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্যে, রাতের আঁধারে হঠাৎ দলবদ্ধ কুকুর পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আহতদের মধ্যে দোকানদার গোলাম রব্বানীও আছেন। তিনি জানান, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কুকুর তাকে কামড়ে দেয়।
আহতদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা জানান, সবাই চিকিৎসাধীন রয়েছেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নুর-ই-আলম সিদ্দিকী বলেন, পৌর এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে-এ বিষয়ে পৌরসভা অবগত। তবে হাইকোর্টে রিট থাকায় কুকুর নিধন বা সরাসরি নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। আইন মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।