প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ ১১:৪৬ (মঙ্গলবার)
গাজীপুরে সাংবাদিক  তুহিন হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহিত।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার পুরানবাজার এলাকা থেকে র‍্যাব-১৪ শহিদুল ইসলাম (৩০)কে আটক করে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে। রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহিন খান জানান, র‍্যাব গ্রেপ্তারের পর শহিদুলকে থানায় হস্তান্তর করেছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-জামালপুরের কেটু মিজান (৩৪) ও তাঁর স্ত্রী গোলাপি (২৮), খুলনার আল–আমীন (২১), পাবনার স্বাধীন, কুমিল্লার শাহজালাল (৩২), পাবনার ফয়সাল হাসান (২৩) এবং শেরপুরের সুমন ওরফে সাব্বির (২৬)।

গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।