ছবি: সংগৃহীত।
সিলেটের গোয়াইনঘাটে এক সমন্বয়কসহ সাতজনের বুকে ‘চাঁদাবাজ’ লেখা সাদা কাগজ ঝুলিয়ে তাদের ছবি তুলে পুলিশ তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যা জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। ছবিতে অভিযুক্তদের সঙ্গে কয়েকজন পুলিশ সদস্যকেও দেখা গেছে।
তথ্য মতে, একটি লুটপাটকারী চাঁদাবাজ চক্রের সদস্য দায়ের করা মামলার জামিন নেয়ার জন্য উচ্চ আদালতে যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়ক থেকে র্যাব সদস্য আজমল হোসেনসহ সাতজনকে আটক করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাদের বুকে ‘চাঁদাবাজ’ লেখা কাগজ ঝুলিয়ে ছবি তুলে প্রচার করে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘এ ধরনের ছবি প্রচারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি নিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন ছবিটি ‘নীতিবিরোধী’ ও ‘আইনগতভাবে অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বলেন, ‘এটি পুলিশের আচরণবিধির পরিপন্থী।’
প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী বলেন, ‘বিচার শুরুর আগেই অভিযুক্তদের এভাবে অপদস্ত করা ঠিক নয়। এটি উদ্দেশ্যমূলক আচরণ।’
অভিযুক্ত আজমল হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য এবং নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের গোয়াইনঘাট শাখার আহ্বায়ক। তিনি দীর্ঘদিন অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কাজ করায় নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মুহাম্মদ তোফায়েল আহমদ জানান, ‘তাদের সঙ্গে পূর্ব বিরোধ নেই। আমি থানায় না থাকার সময় আইওর অতি উৎসাহে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার পর উর্ধতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার জন্য। তবে মানহানির কোনো দিক আইন সমর্থন করে না।’