প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ ১২:১৮ (মঙ্গলবার)
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সিলেটে সংবাদ সম্মেলন

ছবি ইমজা নিউজ

২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে সিলেটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকবৃন্দ  উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাই ২০২৫ তারিখের নির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং ১৭ জুলাই ২০২৫ তারিখে জারিকৃত পরিপত্র অনুযায়ী শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এতে দেশের অসংখ্য কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা জানান, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বৃত্তি কেবল আর্থিক অনুদান নয়, বরং শিক্ষার্থীর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা। কিন্তু বিদ্যালয়ের ধরন ভিন্ন হওয়ায় তাদের অংশগ্রহণ বন্ধ করা হলে তা শিক্ষার্থীদের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। বৈষম্যের মাধ্যমে এই অধিকার থেকে বঞ্চিত করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই সরকারের আমলে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৈষম্যের শিকার হওয়া অগ্রহণযোগ্য।

১৭ জুলাই ২০২৫ তারিখের পরিপত্র বাতিল ও ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার যেকোনো কার্যক্রমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা আরও জানান, আগামী ২০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও এবং ‘মার্চ ফর ঢাকা’সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।