প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫ ২৩:৫৫ (মঙ্গলবার)
‘এনসিপির নেতারা মাদক ব্যবসায়ী বদির থেকে চাঁদা আনতে গিয়েছিল’

ছবি: সংগৃহিত।

জুলাই সনদে না গিয়ে এনসিপির  শীর্ষ নেতারা চট্টগ্রামে মাদক ব্যবসায়ী বদির নিকট থেকে চাঁদা আনতে গিয়েছিল বলে মন্তব্য করেছেন, বিএনপির সহ-ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

তিনি এসময় বলেন, ‘নুতন এক দল তৈরি হয়েছে। দুদিন পরপর তাদের বিরুদ্ধে মেয়েঘটিত কথা প্রচার হয়।  এই যে জুলাই সনদ দেওয়া হলো জুলাই সনদে না গিয়ে চিটাগাং চলে যায় ওরা। কেনো জানেন? বাংলাদেশের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী যার নাম বদি। তার থেকে চাঁদা আনতে গিয়েছিলো তারা।’

মঙ্গলবার দুপুরে কানাইঘাট উপজেলা বিএনপি আয়োজিত সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইনের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির এ নেতা বিশেষ অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

কানাইঘাট পূর্ব বাজারে উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার ইসমাইলের যৌথ সঞ্চালনায় এই সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইকবাল আহমদ তাফাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী ও সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, জেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এহসান।

এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিন, সহ সভাপতি হাজী জসিম উদ্দিন এবং বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী।

বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এখন দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে।

সভায় স্থানীয় নেতারা সিলেট-৫ আসনে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী দেওয়ার আহ্বান জানান। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশে যোগ দেন।