প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫ ১৩:৫৫ (মঙ্গলবার)
রায়হান হত্যা মামলার আসামিদের জামিনে মুক্তি, নিরাপত্তাহীনতায় পরিবার

ছবি: সংগৃহিত।

সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামিসহ মোট পাঁচজন বর্তমানে জামিনে মুক্ত থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহতের পরিবার ও মামলার সাক্ষীরা। এ অবস্থায় দ্রুত বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রায়হানের মা সালমা বেগম।

বুধবার (১৩ আগস্ট) সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালমা বেগম জানান, ২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ চাঁদার দাবিতে রায়হানকে নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় তিনি এসআই আকবরসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্ত ও পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার বিচার কার্য চলছে।

তিনি জানান, ৬ নং আসামি নোমান শুরু থেকেই পলাতক। চলতি বছরের ১৭ এপ্রিল আসামি হারুনুর রশিদ, ২০ মে টিটু চন্দ দাস, ১২ জুন হাসান উদ্দিন জামিন পেয়ে মুক্তি পান। গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান মামলার প্রধান আসামি এসআই আকবর। ফলে বর্তমানে মামলার ৬ আসামির মধ্যে ৫ জনই জামিনে মুক্ত।

সালমা বেগম অভিযোগ করেন, প্রভাবশালী আসামিদের মুক্তি পাওয়ায় তিনি, তাঁর পরিবার ও মামলার সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন এবং বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপক্ষ এসআই আকবরের জামিনের বিরুদ্ধে পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে আকবরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু বুধবার প্রকাশিত দৈনিক নয়া দিগন্ত পত্রিকার খবরে জানা যায়, জামিনের পর আকবর ভারতে পালিয়ে গেছেন।

দ্রুত বিচার কার্য সম্পন্ন করে খুনিদের মৃত্যুদণ্ড এবং পলাতক আসামিকে গ্রেফতারের দাবিতে আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধনে অংশগ্রহণের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান রায়হানের মা।

তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ন্যায়বিচারের জন্য তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।