ছবি: সংগৃহীত।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় নির্বিচারে পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী জানান, রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ব্যাখ্যা চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। রিটে স্বরাষ্ট্রসচিব, পরিবেশ সচিব, আইজিপি, সিলেটের ডিসি ও কোম্পানীগঞ্জের ইউএনওসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।
এর আগে বুধবার রাতে সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুট ঠেকাতে ও লুট হওয়া পাথর ফেরত আনতে পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে- সাদাপাথর ও জাফলং ইসিএ এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনীর টহল, অবৈধ ক্রাশিং মেশিন বন্ধে অভিযান, জড়িতদের গ্রেফতার এবং চুরি হওয়া পাথর পুনঃস্থাপন।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধে নির্দেশনা দেওয়া হলেও সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের ছত্রছায়ায় লুটপাট ব্যাপক আকার ধারণ করেছে। এতে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, পর্যটন শিল্পও মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।