প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫ ১১:৪৯ (মঙ্গলবার)
রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে

ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন, রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। ফিন্যান্সিয়াল টাইমসে লেখা এক নিবন্ধে তিনি বলেন, ভারত নিষিদ্ধ অপরিশোধিত তেল রপ্তানি পণ্যে রূপ দিয়ে মস্কোকে ডলার জোগাচ্ছে।

নাভারোর মতে, রাশিয়ার ওপর ভারতের নির্ভরতা সুযোগসন্ধানী এবং এতে পুতিনের যুদ্ধ অর্থনীতিকে রুখতে বৈশ্বিক প্রচেষ্টা দুর্বল হচ্ছে। চীনের পর রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম জ্বালানি ক্রেতা ভারত এখন দেশটির ৩০ শতাংশের বেশি জ্বালানি আমদানি করছে।

এ কারণে যুক্তরাষ্ট্র নয়াদিল্লির ওপর চাপ বাড়িয়েছে। আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের পণ্যে শাস্তিমূলক ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

মোদি অবশ্য স্বাধীনতা দিবসের ভাষণে দৃঢ়তার সঙ্গে বলেছেন, কৃষকদের স্বার্থে তিনি আপস করবেন না। একইসঙ্গে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি সম্পর্কও জোরদার করছে নয়াদিল্লি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বজায় রাখতে চাইছে, তবে সর্বাধুনিক সামরিক প্রযুক্তি দেওয়ার বিষয়ে নাভারো সতর্ক করেছেন।

ভারত অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেরা এখনো রাশিয়া থেকে পণ্য আমদানি করলেও চাপ কেবল ভারতের ওপর দিচ্ছে। ইইউর তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা রাশিয়া থেকে এখনো বিপুল পরিমাণ গ্যাস কিনেছে।

এ পরিস্থিতিতে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা স্থগিত হয়ে গেছে। ২৫ আগস্টের নির্ধারিত মার্কিন প্রতিনিধিদলের সফরও বাতিল হয়েছে।