প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫ ১৭:২২ (শুক্রবার)
ধোপাগুল থেকে ভোলাগঞ্জের  ৩৭ হাজার ঘনফুট পাথর জব্দ

সিলেটের ভোলাগঞ্জ থেকে ৩৭ হাজার ঘনফুট লুট হওয়া পাথর জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেটের ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে হাইকোর্টে সাদা পাথর লুটের ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রিট আবেদন করা হয়।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৯ সিলেট এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় অভিযান পরিচালনা করে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, জব্দকৃত পাথরের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।