প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৯ (সোমবার)
আমার ছেলে আমার বন্ধু, ছেলের বন্ধুরা আমাকে দিদি ডাকে- শ্রাবন্তী চট্টোপাধ্যায়

ছবি: সংগৃহীত।

দীর্ঘ দশ বছর পর আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা দেবী চৌধুরাণী। মুক্তিকে ঘিরে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিনেমা, ব্যক্তিগত জীবন এবং নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

‘সবার ভেতরেই লুকিয়ে আছে দেবী চৌধুরাণী’

শ্রাবন্তী  বলেন ‘কমবেশি সবার ভেতরেই আছে দেবী চৌধুরাণীর গুণ। পরিস্থিতিতে পড়লে যে কেউ এই রূপ নিতে পারে। জন্মের পরপরই কি আমরা লড়াই শিখে যাই? না, পরিস্থিতিই আমাদের শেখায়।’

ব্যক্তিগত জীবন ও সমালোচনা

দশম শ্রেণিতে পড়ার সময় জিতের বিপরীতে চ্যাম্পিয়ন সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা হয়ে উঠেছিলেন শ্রাবন্তী। দীর্ঘ ক্যারিয়ারে তাঁকে বহুবার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এ বিষয়ে তিনি বলেন,
‘এখন আর এসব গায়ে মাখি না। বরং মনে হয় ছোট বয়সে মা হওয়ারও কিছু সুবিধা ছিল। ঝিনুক হওয়ার পাঁচ বছর পর আবার আমি কাজে ফিরি, তখন আমার বয়স ছিল মাত্র ২১। তবে এটাও সত্যি, ১৬ বছর বয়সে মা হওয়া একেবারেই কম বয়স, ওটা বাড়াবাড়ি ছিল।’

ছেলে ঝিনুকের সঙ্গে বন্ধুত্ব

শ্রাবন্তী জানান, নতুন কোনো সিনেমার প্রস্তাব এলে সবার আগে ছেলে ঝিনুকের সঙ্গে আলোচনা করেন। দেবী চৌধুরাণীর চিত্রনাট্যও প্রথমে তাকেই শোনান। তাঁর ভাষ্যে,
‘আমরা মা-ছেলের চেয়ে বেশি বন্ধু। আমাদের বয়সের পার্থক্য তো মাত্র ১৬ বছর। ঝিনুকের বন্ধুরা আমার সঙ্গেও সহজেই মিশে যায়, বেশিরভাগই আমাকে দিদি বলে।’