বাণিজ্যমন্ত্রীসহ ১৭ সদস্য নিয়ে ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন
প্রকাশ: ২৪ মে ২০২৬ ১৭:৪০
ছবি: সংগৃহীত
দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণে গতি আনতে অর্থমন্ত্রীকে সভাপতি করে উচ্চপর্যায়ের ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার।
শনিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২১ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী।
কমিটির সদস্যরা হলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী, ভূমিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, রেলপথমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।
এছাড়া কমিটিকে সাচিবিক ও কারিগরি সহায়তা দিতে ১৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ভূমি, স্বরাষ্ট্র, অর্থ বিভাগ, রেলপথ, গৃহায়ন ও গণপূর্ত, পররাষ্ট্র, সংস্কৃতি, পরিকল্পনা, সড়ক পরিবহন ও মহাসড়ক, পার্বত্য চট্টগ্রাম, স্থানীয় সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, নৌপরিবহন, পরিবেশ এবং বাণিজ্য মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে কমিটির তিনটি প্রধান কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণে সরকারকে নীতিগত পরামর্শ প্রদান, পর্যটন খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের পথ নির্ধারণ এবং দেশি-বিদেশি ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির কৌশল প্রণয়ন।
এতে আরও বলা হয়েছে, প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সাচিবিক সহায়তার দায়িত্ব পালন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এদিকে, নতুন এই কমিটি গঠনের ফলে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারির পুরনো পর্যটন সংক্রান্ত কমিটি বাতিল বলে গণ্য হবে। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।
