https://www.emjanews.com/

15896

sylhet

প্রকাশিত

২৪ মে ২০২৬ ১৮:০৫

সিলেট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহ’ত ১৪

প্রকাশ: ২৪ মে ২০২৬ ১৮:০৫

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কইন্নাজংঙ্গল এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সংবাদকর্মী লোকমান আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৪ মে) ভোর ৫টার দিকে উপজেলার ১২ নম্বর সদর ইউনিয়নের লুনী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— তোফায়েল (২৩), জালাল উদ্দিন (৩৪), লিমা বেগম (২৫), আলকুমা বেগম (৩৫), আল আমিন (২২), রুহুল আমিন (১৯), উস্তার মিয়া (৩৮), ফখরুল ইসলাম (৪০), দেলোয়ার হোসেন (৫২), মুহিবুর রহমান (৫৫), সিরাজ উদ্দিন, মাসুক আহমদ (৪০), লোকমান আহমদ (৩৫) ও আলিফান বিবি।

স্থানীয় সূত্রে জানা যায়, কইন্নাজংঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় কামরুল ও খয়রুল বাহিনী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। সংবাদকর্মী লোকমান আহমদের ভাতিজা তোফায়েলও আগে ওই বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন। প্রায় ২০ দিন আগে তিনি দল ছেড়ে নিজেই বালুর ব্যবসা শুরু করলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, বিরোধের জেরে রোববার ভোরে বালু উত্তোলনস্থলে ঘুমন্ত অবস্থায় থাকা তোফায়েল ও লোকমানের ভাই উস্তার আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষ। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে উস্তার আলীর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে প্রাণ বাঁচাতে তারা বাড়িতে দৌড়ে গেলে হামলাকারীরা ৫০ থেকে ৬০ জনের একটি দল নিয়ে লোকমান আহমদের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। হামলায় নারীসহ ১৪ জন আহত হন এবং লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।

সংবাদকর্মী লোকমান আহমদ বলেন, ‘বালু খেকো কামরুল ও খয়রুল পূর্ব শত্রুতার জেরে আমাদের ওপর হামলা চালিয়েছে। ভোর রাতে প্রথমে বালুর সাইটে আমার ভাই ও ভাতিজার ওপর হামলা করা হয়। পরে তারা বাড়িতে এলে ৫০-৬০ জনের লাঠিয়াল বাহিনী নিয়ে বাড়িতে এসে ভাঙচুর ও মারধর করে।’

তিনি আরও জানান, এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কামরুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’