https://www.emjanews.com/

15900

international

প্রকাশিত

২৪ মে ২০২৬ ১৯:২৩

আপডেট

২৪ মে ২০২৬ ১৯:২৭

আন্তর্জাতিক

মিনার পথে হাজিরা, সোমবার হজের মূল আনুষ্ঠানিকতা

প্রকাশ: ২৪ মে ২০২৬ ১৯:২৩

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসল্লিরা আজ রাতেই মিনার পথে রওনা হচ্ছেন। সোমবার (৮ জিলহজ) সকাল থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের মূল কার্যক্রম।

রোববার (২৪ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুসরণ করে হাজিদের মিনায় গমন নিরাপদ ও নির্বিঘ্ন করতে আজ রাত থেকেই তাদের পাঠানো শুরু হবে।

মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস এবং সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো বাংলাদেশি হজযাত্রীদের মিনায় পাঠানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপনের পর ৯ জিলহজ (মঙ্গলবার) তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন।

এ বছর মসজিদে নববী-এর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুর রহমান আল-হুযাইফি হজের খুতবা প্রদান করবেন। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। ইসলামী শরিয়ত অনুযায়ী, আরাফাতে অবস্থান করাই হজের মূল ফরজ।

৯ জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় গিয়ে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কুরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগেই হাজিরা মিনা ত্যাগ করবেন।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৭৮ হাজার ধর্মপ্রাণ মুসল্লি হজ পালন করছেন।