ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের অনুশীলন ক্যাম্প নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। দলটি তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসন থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে অনুমোদন দিয়েছে ফিফা।
শনিবার ইরান ফুটবল ফেডারেশন-এর সভাপতি মেহেদি তাজ ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বেস ক্যাম্প সরানোর আমাদের অনুরোধ গৃহীত হয়েছে। আমরা প্রশান্ত মহাসাগরের তীরবর্তী তিহুয়ানায় অবস্থান করব। এটি মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে হলেও মেক্সিকোর ভেতরে।”
তিনি আরও জানান, তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে যেতে মাত্র ৫৫ মিনিট সময় লাগে, যা টুসনের তুলনায় অনেক কম। পাশাপাশি ইরান এয়ার-এর সরাসরি ফ্লাইটে সহজেই মেক্সিকো যাওয়া সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার কারণে দেশটির বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কয়েক মাস ধরেই অনিশ্চয়তা ছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এ অবস্থায় ইরানি খেলোয়াড় ও কর্মকর্তারা মার্কিন ভিসা পাবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়।
ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মেহেদি মোহাম্মদ নাবি মঙ্গলবার জানান, এখনো সবাই ভিসা পাবেন কি না তা নিশ্চিত নয়। তবে তারা ফিফার প্রোটোকলের ওপর আস্থা রাখছেন।
বর্তমানে দলটি আন্তালিয়া-তে প্রস্তুতি ক্যাম্প করছে। বৃহস্পতিবার কয়েকজন খেলোয়াড় আঙ্কারা-তে অবস্থিত মার্কিন দূতাবাসে ভিসার আবেদন জমা দিয়েছেন।
গত মাসে ভ্যাঙ্কুভার-এ অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, “ইরান বিশ্বকাপে খেলবে এবং যুক্তরাষ্ট্রেই খেলবে। আমাদের মানুষকে একত্রিত করতে হবে।”
ইরান গ্রুপ ‘জি’-তে খেলবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেস-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটল-এ মিশরের বিপক্ষে খেলবে ইরান।
