https://www.emjanews.com/

15913

national

প্রকাশিত

২৪ মে ২০২৬ ২১:৫৮

জাতীয়

রাতের আঁধারে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট

প্রকাশ: ২৪ মে ২০২৬ ২১:৫৮

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে ।

শনিবার (২৩ মে) দিবাগত গভীর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর রাধানগর ঝালুপাড়া এলাকায় ইতালি প্রবাসি রাজিব বর্মনের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

ভুক্তভোগী পরিবার সদস্য ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত ইতালি প্রবাসী রাজিব বর্মনের বাড়িতে হানা দেয়। এসময় তারা বাড়ির মালিক ইন্দুমোহনকে মারধর করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় দুর্বৃত্তরা ব্যবসার কাজে ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। এছাড়াও তারা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়।

একপর্যায়ে ইন্দুমোহনের স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে যায় তারা। এসময় ইন্দুমোহনের দুই ছেলে ও তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলায় স্থানীয় কাজল চন্দ্র বর্মনের নেতৃত্বে আলাউদ্দীন, নবীর হোসেন ওরফে রুদ্রসহ আরও কয়েকজন অংশ নেয়। 

একই রাতে পাশ্ববর্তী আরেকটি বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মনজু রানীর বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা সমিতির জন্য সংরক্ষিত প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়।

নবীনগর থানার ওসি তদন্ত রাজিব কান্তি নাথ জানান, ভূক্তভোগী ইন্দু মোহনের সাথে কাজল চন্দ্র বর্মনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ভুক্তভোগীরা বাদী হয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।