সংবাদ সম্মেলন
লন্ডনে স্বামীর নির্যাতনের শিকার সিলেটের আনিকা, জীবন বাঁচাতে মায়ের আকুতি
প্রকাশ: ০৯ জুন ২০২৬ ১৯:০৮
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে অবস্থানরত মেয়ে আনিকা হক চৌধুরীকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতন থেকে উদ্ধার করে তার জীবন রক্ষায় সরকারের উচ্চপর্যায়সহ সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তার মা রেখা খাতুন চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সিলেট নগরীর ২১ নম্বর ওয়ার্ডের শাপলাবাগ এলাকার বাসিন্দা মো. এনামুল হকের স্ত্রী রেখা খাতুন চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার মেয়ে আনিকা হক চৌধুরীর সঙ্গে ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার সাঈফ টাওয়ারের বাসিন্দা আফজালুর রহমান জুলুর ছেলে যুক্তরাজ্যপ্রবাসী রোম্মান আলমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রোম্মান আলম যুক্তরাজ্যে চলে যান। এরপর দেশে অবস্থানকালে আনিকা তার শাশুড়ি নাসিমা বেগম রিনু ও ভাসুর রুহুল আমিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন তিনি।
রেখা খাতুন চৌধুরীর দাবি, দীর্ঘদিন মেয়েকে বাবার বাড়িতে আসতে দেওয়া হয়নি। পরবর্তীতে স্বামীর কাছে যুক্তরাজ্যে যাওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি; বরং তা আরও বেড়েছে। বর্তমানে লন্ডনে অবস্থানরত আনিকাকে স্বামী রোম্মান আলম ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রোম্মান আলম তার মেয়ের খালাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া শাশুড়ি নাসিমা বেগম রিনুও ভয়েস মেসেজের মাধ্যমে আনিকাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন। এসব কারণে তার মেয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
রেখা খাতুন চৌধুরী জানান, গত ১৯ মে নির্যাতনের শিকার হওয়ার পর রক্তাক্ত অবস্থার কিছু ছবি আনিকা পরিবারের কাছে পাঠিয়েছেন। নির্যাতনের তথ্য বাইরে প্রকাশ না পায়, সে জন্য তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে আনিকার উপার্জিত অর্থ জোরপূর্বক নিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। এ ঘটনায় তিনি শাহপরান থানায় গত ৩১ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৭০২) করেছেন বলে জানান।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ৩ জুন রোম্মান আলমের মা নাসিমা বেগম রিনু তাকে ফোনে গালিগালাজ করেন এবং আনিকাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিমান টিকিটের টাকা দাবি করেন। এ বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রোম্মান আলমের বড় ভাই রুহুল আমিন তার পরিবারের সদস্যদের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।
রেখা খাতুন চৌধুরীর অভিযোগ, প্রতিবাদ করায় রুহুল আমিন তাদের বাসায় গিয়ে গালিগালাজ করেন এবং নিজেকে প্রভাবশালী দাবি করে বলেন, “আমার কথায় প্রশাসন চলে।” এ ঘটনায় তিনি ৩ জুন শাহপরান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, রোম্মান আলমের চাচা সিদ্দিকুর রহমান পাপলু, যিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টির নিরপেক্ষ তদন্তে বাধা সৃষ্টি করছেন। তার দাবি, সিদ্দিকুর রহমান পাপলু তাকে ফোন করে অভিযোগগুলোকে ‘বানোয়াট’ বলে উল্লেখ করেন এবং কোনো বিচার পাওয়া যাবে না বলে মন্তব্য করেন।
রেখা খাতুন চৌধুরী বলেন, মেয়ের ওপর নির্যাতনের বিষয়ে ভিডিওসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংশ্লিষ্টদের কাছে উপস্থাপন করা হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যায়নি। এমনকি বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারকেও অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আনিকা হক চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করেন।
