সিলেটসহ দেশের সরকারি হাসপাতালের এক কিলোমিটারে ক্লিনিক-ডায়াগনস্টিক নয়
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৩
ছবি: সংগৃহীত
সিলেটসহ সারাদেশে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে এই সীমার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্র্যাকটিসও নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সই করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।
স্বাস্থ্য অধিদপ্তরের এই নির্দেশনা সিলেটসহ দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে সিলেটের সরকারি হাসপাতালগুলোর আশপাশে নতুন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন করে বিধিনিষেধ কার্যকর হচ্ছে।
অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর ক্রমিক নং-০৩-এ গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে থাকা বিদ্যমান কোনো বেসরকারি হাসপাতালে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন না। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের বেসরকারি চিকিৎসাসেবার ক্ষেত্রেও নির্ধারিত দূরত্বের বিধিনিষেধ মানতে হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে লিখিতভাবে অবহিত করতে বলা হয়েছে।
স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং সরকারি হাসপাতালের চিকিৎসকদের দায়িত্ব পালনে শৃঙ্খলা নিশ্চিত করার অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
