ফ্রান্সে প্রবাসী বাঙালিদের পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শুরু ১৭ অক্টোবর
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ২০:০৮
ছবি: আবু বকর আল আমিন, প্যারিস।
ফ্রান্সের রাজধানী প্যারিসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে প্যারিস মহানগর পূজা উদযাপন পরিষদ, ফ্রান্স। আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্যারিসের উপকণ্ঠ ওবারভিলিয়ে (আবেরভিলিয়ে) এলাকায় অনুষ্ঠিত হবে এ উৎসব।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবে থাকছে নৃত্য, সংগীত ও নানা সাংস্কৃতিক আয়োজন। প্রবাসে বাঙালির ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ১৬ অক্টোবর মহাপঞ্চমী, ১৭ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
উৎসবের অন্যতম আকর্ষণ ১৯ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংগীতনির্ভর নৃত্য পরিবেশনা ‘রাগে অনুরাগে রবীন্দ্রনাথ’ উপস্থাপন করবে নৃত্যাঙ্গন একাডেমি। নৃত্য পরিচালনায় থাকবেন দেবশ্রী চ্যাটার্জি।
একই দিনে সংগীত পরিবেশন করবেন সারেগামাপা খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি। তাঁর সঙ্গে সংগীত পরিবেশনায় অংশ নেবেন অমিত ও স্যান্ডিম্যান। আয়োজকদের আশা, এসব পরিবেশনা প্রবাসী বাঙালিদের উৎসবের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করবেন আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিন ও হ্যাপি রায় পাল মিতু।
আয়োজকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পূজামণ্ডপ খোলা থাকবে। পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে প্রসাদ বিতরণ। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্যারিস মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ ও সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথের নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ উৎসবের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন।
উৎসবের স্থান নির্ধারণ করা হয়েছে ৪০ রু হেমে, ৯৩৩০০ ওবারভিলিয়ে, ফ্রান্সে (40 Rue Hemet, 93300 Aubervilliers, France)।
অনুষ্ঠানস্থলে যেতে মেট্রো লাইন ১২, বাস ২৪৯, ১৭০, ১৫০ ও ১৭৩ এবং আরইআর-এর লা কুরনভ–ওবারভিলিয়ে (La Courneuve–Aubervilliers) স্টেশন ব্যবহার করা যাবে।
আয়োজক পরিষদের পক্ষ থেকে ধর্ম-বর্ণনির্বিশেষে সব প্রবাসী বাঙালি ও সংস্কৃতিপ্রেমীকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের মতে, প্যারিসের প্রবাসী বাঙালি সমাজে শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় উদযাপন নয়; এটি পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
