ছবি: ইমজা নিউজ
সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) শাখায় পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ি লেবারপাড়া মহল্লার একটি ভাড়াটিয়া বাসায় দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন ওই নারী। সম্প্রতি প্রতিপক্ষের সঙ্গে তার আত্মীয়-স্বজনদের একটি মারামারির ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রুহান ও রুবেল নামে দুই যুবক ওই নারীর বাসায় প্রবেশ করে। তারা তার ছোট ভাইকে না পেয়ে গালিগালাজ করে। একপর্যায়ে মামলার প্রধান আসামি মো. রুহান (২৩) ঘরের দরজা বন্ধ করে দেয় এবং অপর আসামি রুবেল (৩৩) দরজার পাশে অবস্থান নেয়। এরপর রুহান জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ধর্ষণের অভিযুক্ত রুহান ছাতক পৌর যুবদলের সাবেক আহ্বায়ক খায়ের উদ্দিনের ভাতিজা। সে এলাকায় দীর্ঘ দিন ধরে চাচার প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে জানা যায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. আব্দুল জলিল বলেন, ‘প্রাথমিকভাবে ভুক্তভোগী জোরপূর্বক ধর্ষণের বিষয়টি জানিয়েছেন। হাসপাতালের ওসিসি শাখার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।’
এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
