জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর দেশজুড়ে বাসভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত হারের তুলনায় ভাড়া বৃদ্ধির পরিমাণ কিছুটা কমানো হয়েছে।
নতুন নির্ধারিত ভাড়ায় দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিকরা ভাড়া সমন্বয়ের দাবি জানালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে। সেখানে মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং দূরপাল্লায় ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত বৈঠকে তা কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, শিগগিরই প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়ার হার এবং বিভিন্ন শ্রেণির বাসে এর প্রয়োগবিধি স্পষ্ট করা হবে।
উল্লেখ্য, রোববার সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা করা হয়েছে, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।
ডিজেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়েছে উল্লেখ করে বাসভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল মালিকপক্ষ। সেই প্রেক্ষিতেই ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম বৃদ্ধির পর বাড়ানো হয় বাস ভাড়া।
