ছবি: সংগৃহীত
সিলেটের স্কলার্সহোম শিবগঞ্জ শাখা-এ আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩। এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য। বৈশাখী গান, পুতুল নাচ, আবৃত্তি, নাট্য পরিবেশনা, টক শো ও ফ্যাশন শোসহ নানা পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে।
দিনের কার্যক্রম শুরু হয় বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে। এতে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পাশাপাশি বৈশাখী মেলায় বিভিন্ন স্টলে হস্তশিল্প, দেশীয় পণ্য ও ঐতিহ্যবাহী খাবারের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সেক্রেটারি ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার। তিনি তাঁর বক্তব্যে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতি তাঁর বক্তব্যে পহেলা বৈশাখের ইতিহাস ও এর সামাজিক ও জাতীয় গুরুত্ব শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন অভিভাবক মোঃ বেলাল হোসেন।
এছাড়াও উপাধ্যক্ষ মিস শানিজ ফাতেমা ইব্রাহিম এবং সমন্বয়ক শর্মিলী রায়-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিস শারমিন সুলতানা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিভাবকদের সমবেত সঙ্গীত পরিবেশনা। অভিভাবকদের অনুরোধে অধ্যক্ষও তাদের সঙ্গে গানে অংশ নিলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
