ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কারামুক্তি ঝুলে গেল। একটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অন্য একটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন বহাল রাখা হয়েছে।
সোমবার ( ৩ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ প্রদান করেন। এর ফলে দুটি মামলার মধ্যে একটিতে জামিন স্থগিত হওয়ায় আপাতত কারাগারেই থাকতে হচ্ছে এই সাবেক সংসদ সদস্যকে।
আদালত সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ পৃথক দুটি রুল নিষ্পত্তি করে ব্যারিস্টার সুমনের জামিন মঞ্জুর করেছিলেন। এর মধ্যে একটি ছিল রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলা এবং অন্যটি মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলা। হাইকোর্টের এই জামিন আদেশ চ্যালেঞ্জ করে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
শুনানি শেষে ব্যারিস্টার সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ জানান, খিলগাঁও থানার মামলায় জামিন স্থগিত করা হলেও মুগদা থানার মামলায় জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। উল্লেখ্য, গত ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ডিবি পুলিশ ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।
