শিরোনাম
সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ডাক বিভাগের ৩ কর্মচারীর মৃত্যু সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪

https://www.emjanews.com/

20471

surplus

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

অন্যান্য

প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা

ঢাকার বেসরকারি স্কুলে ৮০ শতাংশ আসন স্থানীয় শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তি নীতিমালা জারি করে।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিতদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত শিক্ষার্থীদের কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি করতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর ও সময়

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।

চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে।

বয়স প্রমাণে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।

ঢাকায় স্থানীয় শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন

ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

ভর্তি কার্যক্রম শুরুর আগে বিদ্যালয়গুলোকে নিজ এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্যও সংগ্রহ করতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেটিই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে। একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বিদ্যালয় থাকলে শিক্ষার্থীরা যেকোনো একটিতে আবেদনের সুযোগ পাবে।

বিভিন্ন কোটায় আসন সংরক্ষণ

নীতিমালায় কয়েকটি শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
- মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ।
- বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ।
- লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১ শতাংশ।
- শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ।
- একই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভাই-বোনের জন্য ৩ শতাংশ।
- যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ।
এসব কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট আসন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে পূরণ করতে হবে।

এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের ভর্তির জন্য প্রতি শ্রেণির প্রতিটি শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে এ সুবিধার জন্য আবেদন করতে হবে।

মহানগরী, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে নতুন কর্মস্থলের কাছাকাছি সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সন্তানকে ভর্তির সুযোগ দেওয়া হবে।

আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি

অনলাইনে প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বিদ্যালয়গুলোকে সরকার নির্ধারিত ভর্তি ফি ও অন্যান্য চার্জের সীমা মেনে চলতে হবে। নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখা যাবে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ শূন্য আসনের সংখ্যা নির্ধারণ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কমিটি ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ, অনিয়ম প্রতিরোধ এবং উদ্ভূত সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, কোনো অবস্থাতেই নির্ধারিত শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।