শিরোনাম
বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী নেত্রকোণায় ধর্ষিত ১২ বছরের শিশু, সিলেটে সন্তান জন্মদান: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড সিলেটে রনজিতের সভা: রিসোর্টের দুই কর্মীসহ আটক ৪ সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল জুড়ীতে নারী কনস্টেবলকে মুখ চেপে অপহরণের চেষ্টা, সিসিটিভিতে ধরা দুই তরুণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, সব খরচ দেবে নিয়োগকারী সিলেটে রনজিতের নির্দেশে মিছিল দিতে গিয়ে ৩ ছাত্রলীগ কর্মী আ/টক সিলেট সীমান্তে একদিনে ১ কোটি ১২ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ রনজিতের সভা, সোহেল রিসোর্ট বন্ধ করে দিয়েছে পুলিশ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত

https://www.emjanews.com/

20487

economics

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৬ ২২:২৩

অর্থনীতি

বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার, মানতে হবে পরিবেশবিধি: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ২২:২৩

খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি এখনো উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান না মানলে কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।

নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বিপুল সম্ভাবনা রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। পাশাপাশি ভারতও চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে।

তিনি বলেন, এ সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত মানদণ্ড অনুসরণ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে হবে।

হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নিয়েছে। উৎপাদনে যেতে না পারা ট্যানারিগুলো সচল করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়াশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

দেশের অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আয়বৈষম্য কমাতে এ খাতের বিকাশ জরুরি। বর্তমানে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। এটি অন্তত ৬০ শতাংশে উন্নীত করার প্রয়োজনীয়তা রয়েছে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে এসএমই ফাউন্ডেশন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকঋণের জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন পান না। এ সমস্যা সমাধানে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণপ্রাপ্তি সহজ করা হবে।

মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস। এ সময় সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।