https://www.emjanews.com/

20613

sylhet

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৬ ১৯:১২

সিলেট

সিলেটে শাহ আরেফিন টিলার জব্দ পাথর ক্রয়, ২৫টি ক্রাশার ধ্বংস

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৯:১২

ছবি: সংগৃহিত

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার জব্দ করা পাথর কেনা ও প্রক্রিয়াজাত করার অভিযোগে ২৫টি পাথর ভাঙার মিল (ক্রাশার) ভেঙে অকেজো করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) ভোলাগঞ্জ ও পাড়ুয়া এলাকায় অভিযান চালিয়ে পেলোডার দিয়ে এসব ক্রাশার মিল ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ১ হাজার ঘনফুট পাথর জব্দ করেন। তবে জব্দের দুই দিনের মাথায় পাথরগুলো সরিয়ে ফেলা হয়।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, সরিয়ে নেওয়া পাথরের অধিকাংশ চিকাডহর গ্রামের হাবিবুর রহমানের বাড়ির আশপাশে রাখা হয়েছিল। পাথর সরিয়ে ফেলায় নিলামগ্রহীতার কাছে সেগুলো বুঝিয়ে দিতে পারেনি বাংলাদেশ খনিজ উন্নয়ন ব্যুরো (বিএমডি)।

এদিকে, গত কিছুদিন ধরে জব্দ করা এসব পাথর রাতের আঁধারে ট্রাক্টরে করে ভোলাগঞ্জ ও পাড়ুয়া এলাকার বিভিন্ন ক্রাশার মিলে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। একটি সিন্ডিকেট এসব পাথর পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। ওই সিন্ডিকেটের নেতৃত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদের নামও এসেছে। অভিযোগ রয়েছে, প্রতি ২০০ ঘনফুট পাথরবোঝাই ট্রাক্টর পরিবহনের সুযোগ করে দিতে তিনি ৪ থেকে ৫ হাজার টাকা নিতেন। প্রতি রাতে ৫০ থেকে ৮০টি ট্রাক্টর চলাচলের ব্যবস্থা করা হতো বলেও অভিযোগ রয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে শাহ আরেফিন টিলা থেকে জব্দ করা পাথর পরিবহন শুরু হয়। খবর পেয়ে সকাল ৬টার দিকে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। তবে অভিযানে কোনো ট্রাক্টর আটক করা সম্ভব হয়নি। পরে যেসব ক্রাশার মিলে এসব পাথর বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোতে অভিযান চালানো হয়। সকাল থেকে বেলা ১টা পর্যন্ত চলা অভিযানে পেলোডার দিয়ে ২৫টি ক্রাশার মিল গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রয়, ক্রাশিং, মজুত ও বিক্রয়ের অপরাধে প্রায় ২৫টি ক্রাশিং মিল পেলোডার দিয়ে অকেজো করা হয়েছে। এসব অবৈধ কার্যক্রম রোধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’