সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের নির্বাচনী জনসভায় মঞ্চে উঠে সিলেটের আঞ্চলিক ভাষায় উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সালাম জানিয়ে তিনি বলেন, ‘আফনারা ভালা আছইন নি’।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর আলিয়া মাদরাসা মাঠে পৌঁছে। দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি সভামঞ্চে ওঠেন। পরে দুপুর ১টার দিকে জনসভায় বক্তব্য শুরু করেন বিএনপির চেয়ারম্যান।
এর আগে সকাল থেকেই বিএনপির নির্বাচনী জনসভাকে ঘিরে আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের সড়ক এলাকায় লোকে লোকারণ্য হয়ে ওঠে। সিলেট নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন। শীত উপেক্ষা করে বুধবার রাত থেকেই অনেক নেতাকর্মী মাঠে অবস্থান নেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সমাবেশ থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
