সিলেটে স্বামী-স্ত্রীর মা/দক ব্যবসা: মাজারের আসরে বিক্রির অভিযোগ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৯
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বসতঘর ও বাড়ির বাঁশবাগানের মাটির নিচ থেকে অফিসার চয়েজ, আইসিই ব্রাইট ও এসি ব্লাকসহ বস্তাভর্তি ২০৩ বোতল মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মদসহ তাদের থানায় নেওয়া হয়।
এ ঘটনায় থানার পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি গাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, নওধার পূর্বপাড়া গ্রামের ছাবাল শাহ মাজারে মাসে একবার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গভীর রাতে মাদক বিক্রি হয়ে থাকে। তবে মাজার কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় অনেকেই মুখ খুলতে ভয় পান।
অভিযোগ অস্বীকার করে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, মাজারে কোনো ধরনের মাদক সেবন বা বিক্রির প্রমাণ পাওয়া যায়নি। এ ধরনের কিছু নজরে এলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাজার কর্তৃপক্ষের সোহেল আহমদ বলেন, একটি কুচক্রী মহল মাজারের কার্যক্রমকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে। সেখানে কোনো মাদক বিক্রি হয় না বলেও দাবি করেন তিনি।
