সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি ঝোপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে মানব কঙ্কাল। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিশ্বনাথ বাইপাস সড়কের একটি বাসার পেছনের ঝোপ থেকে কঙ্কালটি উদ্ধার হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত কঙ্কালের পাশ থেকে নারীর চুল সদৃশ কিছু আলামতও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি সম্ভবত একজন নারীর। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ বাইপাস সড়কে একটি পেট্রোল পাম্পের পাশের একটি বাসার সীমানার বাইরে জমির ঝোপে একটি মাথার খুলি ও মানব কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, 'স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি ঝোপ থেকে পুরোনো কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কঙ্কালটি মর্গে পাঠানো হয়েছে।'
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান এবং বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পুলিশ আরো জানায়, কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া যাওয়ায় এটি নারীর কঙ্কাল হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে কঙ্কালের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
