https://www.emjanews.com/

14425

surplus

প্রকাশিত

১৬ মার্চ ২০২৬ ১৯:৩৫

অন্যান্য

ম্যানেজিং কমিটিতে থাকতে স্নাতক পাস বাধ্যতামূলক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ১৯:৩৫

ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে দায়িত্ব পেতে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। এখন থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির চেয়ারম্যান বা সদস্য হতে হলে ন্যূনতম স্নাতক পাস হতে হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। তবে শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমরা চাই যোগ্য ও দক্ষ মানুষদেরই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।’

তিনি বলেন, ‘অতীতে অনেক ক্ষেত্রে বিধানে বলা ছিল যে, সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষক হতে হবে। ফলে অনেক সময় সুযোগ সীমিত হয়ে পড়ত। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সে সময় বিভিন্ন ক্ষেত্রে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগও উঠত, যা সবসময় নিরপেক্ষভাবে আলোচিত হতো না।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি সেই ধারা থেকে বের হয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি করতে হবে। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কাঠামোয় যোগ্যতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।