ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান এখনও অটল অবস্থানে রয়েছে। তবে মুসলিম বিশ্বের কাছ থেকে আশানুরূপ সমর্থন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।
এক বার্তায় লারিজানি বলেন, ‘কিছু দেশ আরও এক ধাপ এগিয়ে গিয়ে ইরানকে নিজেদের প্রতিপক্ষ ঘোষণা করেছে। ইরান তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটি, পাশাপাশি মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে লক্ষ্য করে হামলা চালানোর ফলে তারা এই পদক্ষেপ নিয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘প্রতিবেশী দেশগুলোতে যখন মার্কিন ঘাঁটি রয়েছে, তখন ইরানের কাছ থেকে ‘হাত গুটিয়ে চুপচাপ বসে থাকার’ প্রত্যাশা করা অনুচিত। আজকের সংঘাতে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধ শক্তি। তাহলে আপনারা কোন পক্ষের সঙ্গে আছেন?’
লারিজানি মুসলিম ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “ইরান এই অঞ্চলে কোনও ধরনের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না। আপনারা ভালো করেই জানেন, যুক্তরাষ্ট্রের কোনও বিশ্বাস নেই আর ইসরায়েল আপনাদের শত্রু।”
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। এ হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায়।
এই হামলার পর উপসাগরীয় দেশগুলো ইরানের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। এই প্রেক্ষাপটের মধ্যে মুসলিম বিশ্বকে বার্তা দিয়েছেন লারিজানি।
