চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সের দক্ষিণ গেট এলাকায় ড্রেনেজ সংকট, জনস্বাস্থ্য ঝুঁকিতে
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ২১:২৮
ছবি: মোহাম্মদ মাজহারুল ইসলাম
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার প্রাণকেন্দ্র উপজেলা কমপ্লেক্সের দক্ষিণ গেট সংলগ্ন আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে আবাসিক এলাকার নোংরা পানি আশপাশে ছড়িয়ে পড়ে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
সরাসরি সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চন্দনা এলাকার নিকেতন রোডের বাসাবাড়িগুলোর ব্যবহার্য বর্জ্য ও পয়ঃনিষ্কাশনের পানি নির্দিষ্ট কোনো নালা বা ড্রেন না থাকায় বাড়ির পেছনের খালি জায়গায় জমা হচ্ছে। অনেক সময় এসব পানি উপচে সামনের সড়কেও ছড়িয়ে পড়ে, ফলে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। তখন পানি জমে কাদা ও দুর্গন্ধে পুরো এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গু, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকার এমন অব্যবস্থাপনা দুঃখজনক। দীর্ঘদিন ধরে আমরা ভোগান্তিতে আছি, কিন্তু কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ দেখছি না।’
তাদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দ্রুত একটি আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
এ বিষয়ে এলাকাবাসীর জোর দাবি, চুনারুঘাট পৌরসভা কর্তৃপক্ষ যেন জরুরি ভিত্তিতে এ আবাসিক এলাকায় ড্রেনেজ ব্যবস্থা চালু করে জনদুর্ভোগ লাঘব ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা নেয়।
