ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জন জীবিত উদ্ধার
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ ২২:০৫
ছবি: প্রতীকী
উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি রাবারের নৌকা ভূমধ্যসাগরে ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ওই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের মধ্যে ২১ জন বাংলাদেশি।
দ্য গার্ডিয়ান, আল জাজিরা ও এএফপির বরাতে জানা যায়, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ শুক্রবার নৌকাটি থেকে এক নারী ও এক শিশুসহ জীবিতদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন শাদের নাগরিক রয়েছেন। আহত অবস্থায় দুজনকে ক্রিট দ্বীপের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছেন, যাত্রাপথে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ মানবপাচারকারীদের নির্দেশে সাগরে ফেলে দেওয়া হয়। গ্রিস কোস্টগার্ডের তথ্যমতে, গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী তবরুক থেকে নৌকাটি যাত্রা শুরু করে এবং গ্রিসের দিকে যাওয়ার পথে দিক হারিয়ে ফেলে। প্রায় ছয় দিন ধরে খাবার ও পানির অভাবে নৌকাটিতে থাকা যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দক্ষিণ সুদানের ১৯ ও ২২ বছর বয়সি দুইজনকে গ্রেপ্তার করেছে গ্রিস কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে ‘অবৈধ অনুপ্রবেশ’ ও ‘অবহেলাজনিত হত্যার’ অভিযোগে তদন্ত চলছে।
কোস্টগার্ড জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রার কারণে নৌকাটিতে থাকা যাত্রীরা চরম ক্লান্তি ও পানিশূন্যতায় ভুগে মারা যান। ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।
