সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নিহত এবং এক কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিলারা বেগম (৫৪) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকার মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। গুরুতর আহত হয়েছেন তার নাতনি হাবিবা আক্তার (১৪), তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত গভীর হলে অজ্ঞাতপরিচয় তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারের মুখ চেপে ধরে তাকে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার চিৎকার শুনে মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দিয়ে জখম করে। একপর্যায়ে হাবিবা চিৎকার করতে থাকলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।
চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালিয়ে থাকতে পারে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
