https://www.emjanews.com/

17126

sports

প্রকাশিত

১৪ জুলাই ২০২৬ ২২:২৪

খেলাধুলা

ফ্রান্স বনাম স্পেন মহারণের পরিসংখ্যান

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ ২২:২৪

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচটিকে ফুটবল বিশ্লেষকরা অভিহিত করছেন 'ফাইনালের আগে এক ফাইনাল' হিসেবে। একদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের দাপুটে গতি, অন্যদিকে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের শৈল্পিক পাসিং- সব মিলিয়ে এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সের প্রধান অস্ত্র তাদের গতিময় আক্রমণভাগ। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ৬ ম্যাচে ৮ গোল করে বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে রয়েছেন। তার সঙ্গে আক্রমণভাগে যোগ দিচ্ছেন উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে এবং তরুণ তুর্কি ব্র্যাডলি বারকোলা। দ্রুতগতির প্রতি-আক্রমণে প্রতিপক্ষকে কুপোকাত করতে ওস্তাদ ফরাসিরা দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার অনন্য রেকর্ড গড়েছে, যা এর আগে কেবল ব্রাজিল ও জার্মানি অর্জন করেছিল।

অন্যদিকে, লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন খেলছে পরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ ফুটবল। কেপভার্দের বিপক্ষে শুরুতে হোঁচট খেলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে 'লা রোজা'রা। ২০২২ বিশ্বকাপের পর থেকে খেলা ২৭ ম্যাচের ১৬টিতেই জয় পেয়েছে তারা। বিশেষ করে তাদের রক্ষণভাগ এখন দুর্ভেদ্য প্রাচীর, শেষ ১৪ ম্যাচে তারা একবারও একাধিক গোল হজম করেনি। স্পেনের মূল শক্তি ধৈর্যের সাথে বল দখলে রাখা এবং মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করা।

পরিসংখ্যানের পাতায় অবশ্য স্পেনের পাল্লা কিছুটা ভারী। সব ধরনের প্রতিযোগিতায় ৩৮ বারের সাক্ষাতে স্পেন জিতেছে ১৮টিতে, বিপরীতে ফ্রান্সের জয় ১৩টি। সাম্প্রতিক সময়েও ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। তবে বিশ্বকাপের মঞ্চে ২০০৬ সালের একমাত্র দেখায় ৩-১ ব্যবধানে জিতেছিল ফ্রান্স। ডালাসের সবুজ ঘাসে আজ কি পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি করবে ফরাসিরা, নাকি পরিসংখ্যানে নিজেদের দাপট বাড়াবে স্পেন- তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।