https://www.emjanews.com/

16137

sylhet

প্রকাশিত

০৬ জুন ২০২৬ ১৫:৪০

সিলেট

সিলেটে পরিবহণ ধর্মঘটের ডাক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ ১৫:৪০

ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

শনিবার (৬ জুন) এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে রোববার ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৯ বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ মে সিলেটের বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজস্ব ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকায় শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। অভিযোগ অনুযায়ী, আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে ওই হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে তিনি মারা যান। পরে ঈদের দিন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

শ্রমিক নেতাদের অভিযোগ, ঘটনার পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। বরং অভিযুক্ত নাসির উদ্দিনের দেশত্যাগ করে কানাডায় পালিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।